সংকটে ধুঁকছে পাগলা উপ-স্বাস্থ্যকেন্দ্র, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা
যাপিতজীবন
প্রকাশঃ ২০ জুলাই, ২০২৫ ৭:১১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পীরেরগাঁও কমিউনিটি ক্লিনিকে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। দীর্ঘ একবছর ধরে ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) প্রফুল্ল বৈদ্য কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তার বদলে এখনো কেউ দায়িত্বে আসেননি। তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
এ অবস্থায় স্বাস্থ্য সহকারী নাসিমা আক্তার ও তাঁর মেয়ে সাদিয়া বেগম দায়িত্বে থাকলেও তারা অনিয়মিতভাবে অফিস করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
তাঁদের অভিযোগ, সপ্তাহে মাত্র দুই দিন খোলা থাকে ক্লিনিকটি। বাকি চার দিন তালাবদ্ধ অবস্থায় থাকে, ফলে প্রতিদিন ৪০-৫০ জন রোগী এসে চিকিৎসা ও ঔষধ না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে।
এলাকাবাসীরা জানান, পীরেরগাঁওয়ের প্রায় ৬ হাজার জনগণের একমাত্র চিকিৎসা ভরসা ছিল এই কমিউনিটি ক্লিনিক। কিন্তু এখন সেখানেও নিয়মিত সেবা মিলছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, 'মা-মেয়ে দুইজনই স্বাস্থ্য সহকারী, কিন্তু সময়মতো কাউকেই ক্লিনিকে পাওয়া যায় না।
গত ১৩ জুলাই দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ক্লিনিকে তালা ঝুলছে। সামনে কয়েকজন রোগী অপেক্ষা করছিলেন। চিকিৎসা সেবা নিতে আসা বৃদ্ধা ফুল বানু বলেন, 'ডাক্তার সাহেব বিদেশে। এখন মা-মেয়ে দুইজন দায়িত্বে থাকলেও যখন ইচ্ছা আসে, না আইলে তালা।'
স্থানীয় ইউপি সদস্য সাদিয়া বেগম বলেন, 'আমার ওয়ার্ডে ৫-৬ হাজার মানুষ। রোগীরা ক্লিনিকে গিয়ে না ডাক্তার পান, না পায় ওষুধ।'
এ ব্যাপারে স্বাস্থ্য সহকারী নাসিমা আক্তারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ক্লিনিকে ওষুধ নেই, কিভাবে রোগীদের দেব? স্যারেরা বলেছেন অন্য জায়গা থেকে সংগ্রহ করতে। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, আমি নিয়মিত অফিস করি।'
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ চন্দ্র রায় বলেন, 'সিএইচসিপি প্রফুল্ল বৈদ্য সরকারি চাকরি ছেড়ে বিদেশে চলে গেছেন। এখন স্বাস্থ্য সহকারী নাসিমা আক্তার অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি সপ্তাহে দুই দিন অফিস করেন। নতুন অর্থবছরের বাজেট বরাদ্দ না হওয়ায় ঔষধ সংকট রয়েছে।'
এ বিষয়ে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, 'বিষয়টি আমার জানা নেই। আমি এখনই খোঁজ নিচ্ছি। জেলা পর্যায়ে পর্যাপ্ত ওষুধ রয়েছে, প্রয়োজনে সরবরাহ করা হবে।'
পীরেরগাঁও কমিউনিটি ক্লিনিক অনিয়ম,সুনামগঞ্জ স্বাস্থ্যসেবা সংকট,জগন্নাথপুর ক্লিনিক বন্ধ