০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / মামলা

শান্তিগঞ্জে যুবদল নেতা হত্যার মামলায় ইউপি চেয়ারম্যান সুজনসহ আসামী অর্ধশত

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ন


বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নজরুল হোসেন (৪০) হত্যার ঘটনার ৬ দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে।  এতে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসিত সুজনকে প্রধান আসামী করে ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে আসামী করে শান্তিগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়েছে। 

 

 শুক্রবার (২১জুন) নিহতের বড় ভাই জালাল হোসেন বাদি হয়ে শান্তিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী। 

থানা সুত্রে জানা যায়, মামলার বাদি জালাল হোসেন সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকায় তার পক্ষে নিহতের বোন নাসিমা বেগম থানায় লিখিত অভিযোগপত্র জমা দেন। শুক্রবার (২১ জুন) মামলাটি রেকর্ড করেন শান্তিগঞ্জ থানার ওসি আকরম আলী।

 

এর আগে গত রোববার (১৬ জুন) শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে নিহত নজরুল ইসলাম ও তার প্রতিবেশী তাজউদ্দিনের মধ্যে বাড়ির সীমানা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাজউদ্দিনের লোকজন দেশি অস্ত্র নিয়ে নজরুল ইসলামের বসতঘরে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া হামলায় নজরুল ইসলামের বড় ভাই জালাল হোসেন গুরুতর আহত হয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নজরুল হত্যা মামলায় প্রধান আসামী করা হলেও এই ঘটনায় তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন বলে সিলেট ভয়েসকে মুঠোফোনে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল বাসিত সুজন। 

 

তিনি বলেন, পারিবারিক কাজে হত্যাকাণ্ডের দুইদিন আগে শুক্রবার রাতে আমি সিলেট চলে আসি। এসব দ্বন্ধের বিষয়ে আমি কিছুই জানি না। যেদিন হত্যার ঘটনা ঘটে ওইদিন সকাল ৮ টায় আমি মুঠোফোনে হত্যার ঘটনার খবর পাই। আক্রোশের বশবর্তী হয়ে এই মামলায় আমার নাম জড়ানো হয়েছে। আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। 

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, 'নজরুল ইসলাম হত্যার ঘটনায় এপর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

নজরুল ইসলাম হত্যা, শান্তিগঞ্জ যুবদল, সুনামগঞ্জ হত্যা মামলা, ইউপি চেয়ারম্যান আব্দুল বাসিত, জয়কলস ইউনিয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ