০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

ফসলরক্ষা বাঁধ

স্বাক্ষর জালিয়াতি করে ১৫ লাখ টাকা উত্তোলনের অভিযোগ

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ জুন, ২০২৫ ১০:০১ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতক উপজেলায় হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে দুই ব্যক্তির নাম ও স্বাক্ষর জালিয়াতি করে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ ওঠেছে। 

এ ঘটনায় রোববার (১৫ জুন) উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার চাউলির হাওরের ১৭ নং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্য পদে নাম ব্যবহার করা দুই ব্যক্তি। 

অভিযোগকারীরা হলেন, জাউয়া বাজার ইউনিয়নের আবুল খয়ের ও শোয়েব আহমেদ।

জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাবিটা প্রকল্পের আওতায় ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৯৭১ মিটার ডুবন্ত বাঁধের ভাঙন প্রতিরোধ ও মেরামতের কাজ চলছে।

অভিযোগপত্রে তাঁরা উল্লেখ করেন, প্রকল্প সম্পর্কে তারা কিছু জানেন না এবং কোনো কাগজেও স্বাক্ষর দেননি। তবুও তাদের নাম ১৭ নং প্রকল্প কমিটির তালিকায় ৪ ও ৫ নম্বর সদস্য হিসেবে জালভাবে ব্যবহার করা হয়েছে। 

তাদের স্বাক্ষর জালিয়াতি করে ১৫ লাখ ৭৫ হাজার ১৯২ টাকা উত্তোলন করা হয়েছে। প্রকৃতপক্ষে প্রকল্পের কাজ হয়নি এবং কোথাও কোনো মাটি ভরাটের চিহ্ন নেই। তারা কোনও বৈঠকে অংশ নেননি বা বিল-ভাউচারে স্বাক্ষর করেননি।

অভিযোগে আরও বলা হয়েছে, পিআইসির সদস্য সচিব এহসানুল হক ও ৬ নং সদস্য রেদওয়ানুল হক ফাহিম বাস্তবিক পরিচয় গোপন রেখে একজনকে কৃষক আর অন্যজনকে মসজিদের ইমাম দেখানো হয়েছে। তবে একজন ফার্মেসি ব্যবসায়ী এবং অন্যজন কখনো কোনো মসজিদের ইমাম ছিলেন না।

অভিযোগের বিষয়ে ১৭ নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কয়েছ আহমদ পীর অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমরা জানি না কারা এই অভিযোগ করেছে। যারা অভিযোগ করেছে তারা প্রকল্পের সবকিছু জানেন এবং সকল কাগজপত্রে স্বাক্ষর করেছেন। তাদের কাছে জানতে চাইব কেন এমন অভিযোগ করলেন।' 
 
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, 'আমি সুনামগঞ্জে মিটিংয়ে থাকায় অভিযোগগুলো এখনো দেখিনি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ ছাতক খবর, হাওর বাঁধ প্রকল্প জালিয়াতি, পিআইসি স্বাক্ষর জালিয়াতি, ছাতকে ১৫ লাখ টাকা দুর্নীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ