০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

শান্তিগঞ্জে প্রভাবশালীর হামলায় যুবদল নেতা নিহত

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৫ জুন, ২০২৫ ৫:১৩ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রভাবশালী এক পক্ষের হামলায় নজরুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তার বড় ভাই মো. জালাল হোসেন (৫৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম জামলাবাজ গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

পুলিশ জানিয়েছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মৃত মঈন উদ্দিনের ছেলে তাজ উদ্দিনের সঙ্গে নজরুল ইসলামদের বিরোধ চলছিল। গত ৫ দিন আগে নজরুল ইসলামের মা আপ্তাজান বানুকে মারধরের ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছায়। সেই ঘটনার জেরে রবিবার সকালে ফের বাকবিতণ্ডা হয়, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাজ উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলাম ও তার ভাই জালাল হোসেনের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। হামলাকারীরা আহতদের রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। জালাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শান্তিগঞ্জ থানা পুলিশ আজাদ হোসেন নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। নিহতের পরিবারের দাবি, হামলায় জড়িত ছিল তাজ উদ্দিন, ইকবাল হোসেন, আসকর হোসেন, মনোয়ার হোসেন, মাসুক মিয়া, রিয়াজ উদ্দিন, জসিম উদ্দিন, সালা উদ্দিন, সুমন মিয়া, সিয়াম উদ্দিনসহ অন্তত এক ডজনেরও বেশি ব্যক্তি।

নিহতের খালা ফয়জুন নেছা, ফুফাতো বোন রাহেনা বেগম ও চাচাতো ভাই মাহবুব আলম অভিযোগ করে বলেন, 'তাজ উদ্দিনরা পরিকল্পিতভাবে নজরুলকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। হাতজোড় করেও তার প্রাণ রক্ষা করা যায়নি।'

ঘটনার পর নিহত নজরুল ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম। মা আপ্তাজান বানু দুই ছেলের একজনকে হারিয়ে ও অপরজনের মৃত্যুশঙ্কায় বারবার মূর্ছা যাচ্ছেন। বিকেলে লাশ ময়নাতদন্ত শেষে ফেরত এলে সন্ধ্যা ৬টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, 'মারপিটের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ