০১ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সুনামগঞ্জে কাভার্ড ভ্যান থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

প্রতিনধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৬ ২:১৩ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি মালিকবিহীন কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪টি ভারতীয় শাড়ি জব্দ করেছে টাস্কফোর্স ও বিজিবি। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা। সোমবার ভোরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।


সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য পাচারের একটি চালান সড়কপথে নেওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজিবির একটি দল সহযোগিতা করে।


অভিযানের সময় সড়কে থাকা কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি করা হয়। ভ্যানের ভেতর থেকে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি পাওয়া যায়। তবে ওই সময় কাভার্ড ভ্যানটির কোনো মালিক বা চালককে পাওয়া যায়নি। পরে ভ্যানসহ শাড়িগুলো জব্দ করা হয়।


সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় একটি চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য পাচারের সময় টাস্কফোর্সের সহায়তায় বিজিবি অভিযান চালায়।’


তিনি আরও বলেন, ‘মালিকবিহীন কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪টি ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়েছে। এসব শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা। জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যানের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ভারতীয় শাড়ি, চোরাচালান, বিজিবি, টাস্কফোর্স, শান্তিগঞ্জ, জব্দ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ