৫০০ টাকা মজুরির দাবিতে আন্দোলনরত চা শ্রমিকদের মারধরের অভিযোগ
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের বিস্তার এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। মাদক ও অপপ্রচার রোধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, গোলাপ মিয়া, ফারুক সর্দার, আব্দুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, লিটন চন্দ্র দাস, জহিরুল ইসলাম জুয়েলসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, দিরাইয়ে ইয়াবাসহ মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকের কারণে শুধু একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন না, এর প্রভাব পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বক্তারা অভিযোগ করেন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সংসদ সদস্য, তাঁর পরিবারের সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের প্রচারণা সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অস্থিরতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তারা।
এসব অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান সভার সদস্যরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, **“ইয়াবা ও ফেসবুকে মিথ্যাচার—দুটিই সমাজের জন্য ভয়ানক ক্ষতিকর।”** মাদক ও জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় দিরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।
সুনামগঞ্জ, দিরাই, আইনশৃঙ্খলা কমিটি