সিলেট মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকিরকে গ্রেপ্তারের গুঞ্জন, যা বলছে পুলিশ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন
কানাডা যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে ‘কার্যক্রম নিষিদ্ধ’ সংগঠন আওয়ামী লীগের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনকে গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত থেকে তাঁকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে দাবি করে ফেসবুকে নানা পোস্ট করা হয়।
তবে ইমিগ্রেশন পুলিশ অধ্যাপক জাকির হোসেনকে আটক করেছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানে না সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম সিলেট ভয়েসকে বলেন, ‘বিভিন্ন ফেসবুক পোস্টে, ব্যবহারকারীরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সিলেট মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন গ্রেপ্তারের দাবি করছেন। তবে তার আটকের বিষয়ে আমরা এখনও কোনো তথ্য পাই নি।’
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে কানাডা যাওয়ার প্রস্তুতিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে অধ্যাপক জাকির হোসেনকে আটক করা হয়েছে।
শনিবার অধ্যাপক জাকির হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে ‘সময়ের সিলেট’ নামের একটি ফেসবুক পোস্টে বলা হয়, ‘কানাডায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে আটক হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। শনিবার রাত ১১টার দিকে বিমানবন্দরে কানাডাগামী একটি ফ্লাইটে ওঠার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।’
ওই পোস্টে আরও বলা হয়, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অধ্যাপক জাকির হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা থাকায় তাঁর ওপর ইমিগ্রেশন পুলিশের কড়া নজরদারি ছিল। গতকাল রাতে গা ঢাকা দিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করলে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তিনি।’
এর আগে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিভিন্ন থানায় দায়ের করা অন্তত ২০টি মামলার পলাতক আসামি ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এরপর থেকেই অধ্যাপক জাকির হোসেনকে আটকের বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অধ্যাপক জাকির হোসেন আত্মগোপনে রয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ, গ্রেপ্তার, গুঞ্জন, পুলিশ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর