এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাবের উদ্যোগে কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের উদ্যোগে এবং সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাব, আম্বরখানা, সিলেটের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজিত হয়। উপজেলার লাছুখাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ি মাদরাসায় কাঁঠাল, জলপাই, মেহগনি, রেন্টি ও কদমসহ বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির চারা রোপণ ও বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাব, আম্বরখানা, সিলেটের সভাপতি মো. চাঁন মিয়া। এতে সার্বিক সহযোগিতা করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিমুল তালুকদার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল মনাফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল মিয়া, কৃষক দলের সভাপতি মোঃ মোস্তফা খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও দুই প্রতিষ্ঠানের শিক্ষকরা।
এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মো. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল রানা হৃদয় কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তথ্যভিত্তিক সচেতনতা সৃষ্টি ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, কোম্পানীগঞ্জ, রেডিও লিসেনার্স ক্লাব, বিদ্যালয়