দক্ষিণ সুরমায় বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ৬
দৈনন্দিন
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ৫:২৩ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ছয় যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার সকালে উপজেলার লালারগাঁও এলাকায় কুশিয়ারা পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির হেলপার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনায় আহত ছয়জন হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কুশিওড়া এলাকার আজিজুর রহমানের স্ত্রী সালমা আক্তার (৪০), শেরপুর সদর উপজেলার নবীনগর গ্রামের আফসার আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), একই জেলার পাইকুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে মারুফ (১৮), ভাইরাঙ্গা এলাকার আব্দুল্লাহর ছেলে সুমন (২১), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গুয়াতলা এলাকার হাফিজুর রহমানের ছেলে হোসাইন (২১) এবং ঝালকাঠির বাসিন্দা রমজান (২৪)।
দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তি ও আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় বাসের ছয় যাত্রী আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সিলেট সড়ক দুর্ঘটনা, দক্ষিণ সুরমা দুর্ঘটনা, ঢাকা-সিলেট মহাসড়ক, বাস-ট্রাক সংঘর্ষ, দক্ষিণ সুরমায় দুর্ঘটনা, বাসের হেলপার নিহত, সিলেটে দুর্ঘটনা, ছয়জন আহত