দেড় যুগের ধারাবাহিকতা ভেঙে সিলেট বোর্ডে পাসের হারে বড় পতন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ২:১৮ অপরাহ্ন
সিলেট শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গত বছরের তুলনায় এবার বোর্ডের পাসের হার প্রায় ১০ শতাংশ কমেছে। তবে এর বিপরীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং আগের বছরের ফলাফলের তুলনামূলক তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
এবার সিলেট শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৫৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৬ শতাংশ পয়েন্ট।
তবে পাসের হারে বড় ধরনের পতনের মধ্যেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। ২০২৬ সালে বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। অর্থাৎ এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণের হার কমলেও সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে এগিয়ে। বোর্ডে মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর প্রায় ৯৪ শতাংশই বিজ্ঞান বিভাগের। বিপরীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অংশ তুলনামূলকভাবে অনেক কম।
অন্যদিকে মানবিক বিভাগে এবার ফলাফলে বড় ধস নেমেছে। এ বিভাগে পাসের হার কমে ৪৮ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে। গত বছর মানবিক বিভাগে পাসের হার ছিল ৬৪ দশমিক ৭১ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে এ বিভাগে পাসের হার কমেছে ১৬ দশমিক ৫৫ শতাংশ।
মানবিক বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১২০ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের অধীন চার জেলার ফলাফলেও পার্থক্য রয়েছে। পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৬২ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার সুনামগঞ্জে, ৫৪ দশমিক ৬৭ শতাংশ।
মৌলভীবাজারে পাসের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ এবং হবিগঞ্জে ৫৫ দশমিক ৪০ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার সংখ্যাতেও সিলেট জেলা এগিয়ে। এ জেলায় ২ হাজার ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মৌলভীবাজারে ৭২৫, হবিগঞ্জে ৬৭৫ এবং সুনামগঞ্জে ৪১৩ জন জিপিএ-৫ পেয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ড, এসএসসি ফলাফল ২০২৬, পাসের হার, জিপিএ-৫, সিলেট বোর্ড, এসএসসি রেজাল্ট, সিলেটের শিক্ষা সংবাদ, ফলাফল বিশ্লেষণ, এসএসসি ২০২৬, সিলেট বোর্ডের ফলাফল