১০ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেট বোর্ডে পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ১:১০ অপরাহ্ন


সিলেট শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। তবে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।


সিলেট শিক্ষা বোর্ডের ২০২২ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।


বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশীয় পয়েন্ট।


২০২৬ সালে সিলেট বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন। গত বছর পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ২১৯ জন এবং উত্তীর্ণ হয়েছিলেন ৭০ হাজার ৯১ জন।


অন্যদিকে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ৬১৪ জন। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৮৩৬ জন। অর্থাৎ এক বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২২ জন।


বোর্ডের তুলনামূলক পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম। ২০২২ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। ২০২৩ সালে তা কমে হয় ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ। ২০২৪ সালে পাসের হার আরও কমে দাঁড়ায় ৭৩ দশমিক ৩৫ শতাংশ। ২০২৫ সালে তা নেমে আসে ৬৮ দশমিক ৫৭ শতাংশে। আর ২০২৬ সালে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশে।


অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৬ সালে সিলেট বোর্ডে পাসের হার কমেছে ২০ দশমিক ৪৯ শতাংশীয় পয়েন্ট।


পাসের হার ধারাবাহিকভাবে কমলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে পুরো চিত্রটি ভিন্ন। ২০২২ সালে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৫৬৫ জন। ২০২৩ সালে এ সংখ্যা কমে হয় ৫ হাজার ৪৫২। ২০২৪ সালে ৫ হাজার ৪৭১ জন এবং ২০২৫ সালে ৩ হাজার ৬১৪ জন জিপিএ-৫ পান।


এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়ে ৩ হাজার ৮৩৬ জনে দাঁড়িয়েছে।


২০২৬ সালের ফলাফলে বিভাগভেদেও পার্থক্য রয়েছে। বিজ্ঞান বিভাগে মোট পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ০৩ শতাংশ এবং মানবিক বিভাগে ৪৮ দশমিক ১৬ শতাংশ।


বিজ্ঞান বিভাগে ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৭২ শতাংশ, আর ছাত্রদের ৮১ দশমিক ৩১ শতাংশ। মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ, ছাত্রীদের ৫০ দশমিক ২৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৬২ দশমিক ১৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৫ দশমিক ৭৯ শতাংশ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট শিক্ষা বোর্ড, এসএসসি ফলাফল ২০২৬, সিলেট এসএসসি ফল, পাসের হার, জিপিএ-৫, এসএসসি ফলাফল, সিলেট বোর্ডের ফল, ২০২৬ সালের এসএসসি, শিক্ষা বোর্ড, সিলেট শিক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ