২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ

তাহিরপুর

নামেই থানা বনায়ন ও নার্সারি কেন্দ্র, চারা নেই একটিও

আবির হাসান মানিক, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ জুন, ২০২৫ ১২:২৭ অপরাহ্ন


এক দশকের বেশি সময় ধরে তাহিরপুর থানা বনায়ন ও নার্সারি কেন্দ্রের কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয় পর্যায়ে চারা উত্তোলনের চাহিদা থাকলেও কোনো প্রকল্প না থাকায় একটি চারাও নেই এই সরকারি নার্সারীতে। এমন অবস্থায় একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তাহিরপুর থানা বনায়ন ও নার্সারি কেন্দ্রটি। 


জানা গেছে, ১৯৯০ দশকে দেশজুড়ে বনায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে থানা বনায়ন ও নার্সারি কেন্দ্র প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের আওতায় সরকারি নার্সারি কেন্দ্রে স্থানীয় চাহিদার ভিত্তিতে চারা উত্তোলন করা হতো। আর উত্তোলন করা চারা দিয়ে স্থানীয় পর্যায়ে বনায়ন বৃদ্ধি করা। পাশাপাশি উত্তোলন করা চারা গ্রাহক পর্যায়ে সীমিত দামে বিক্রয় করা হতো।


তাহিরপুর বনবিট অফিস জানিয়েছে, প্রকল্প না থাকায় এই নার্সারিতে এখন আর চারা উত্তোলনে হয়না। তবে সুনামগঞ্জ জেলা সদরে বনায়ন ও নার্সারি কেন্দ্রে কার্যক্রম সচল আছে৷ তাহিরপুরে বনায়নের জন্য কোনো চারার প্রয়োজন হলে আপাতত সেখান থেকে চারা সরবরাহ করা হচ্ছে।


তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী বলেন, সত্যিই ভুলে যেতে বসেছি এখানে যে একটি সরকারি নার্সারি আছে। এর কার্যক্রম চালু থাকলে মানুষ কম টাকায় চারা কিনে বাসা-বাড়িতে গাছ রোপণে আগ্রহী হতো। যা এলাকার বনায়নে ভূমিকা রাখতো।


তাহিরপুরে কর্মরত বনবিট কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায় বলেন, প্রকল্প না থাকার অভাবে এই নার্সারি কেন্দ্রের কার্যক্রম নেই বললেই চলে। নতুন প্রকল্প না আসা পর্যন্ত হয়তো এই সংকট কাটার সম্ভাবনা নেই। 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সরকারি নার্সারী, বনায়ন, তাহিরপুর, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ