২৯ জুলাই ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

নিরাপত্তা নিশ্চিত না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ৩:১৮ অপরাহ্ন


সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে সিলেটে দলটির নেতাকর্মীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং আগামী ৩০ ও ৩১ জুলাই ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।


বুধবার (২৯ জুলাই) সিলেটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ।


জুনেদ আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে দেশে কোনো ধরনের মব হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনায় প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।


তিনি অভিযোগ করেন, সম্প্রতি সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি।


জুনেদ আহমদ বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন সাংবিধানিক অধিকার। কোনো দলের নেতাকর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হবিগঞ্জের রাজনৈতিক নেতা জি কে গউসকে নিয়েও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন জুনেদ আহমদ। তবে অভিযোগগুলোর পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।


জুনেদ আহমদ জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই সিলেটের কয়েকটি উপজেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলেও দাবি করেন তিনি।


একই সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে দলের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তালিকায় রয়েছেন এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমেদ, সদস্য সচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খাঁন, সিনিয়র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, সামসুল ইসলাম ও নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সাদি জামালি এবং সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ।


এছাড়া উপজেলা পর্যায়ে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন উসমানীনগর উপজেলার হাজী মোসাহিদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলার উবায়েদ আহমেদ এবং গোয়াইনঘাট উপজেলার মনসুরুল হাসান।


উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আহ্বায়ক সুমেল মিয়া, উসমানীনগর উপজেলা সদস্য সচিব মনিরুল সাকিব, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সিলেট সদর উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, বিশ্বনাথ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম খলিলুল্লাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক তানজিল আহমদ, সিলেট সদর উপজেলা সদস্য সচিব জাকির হোসেন এবং সিলেট সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সিলেট এনসিপি, জুনেদ আহমদ, এনসিপি সংবাদ সম্মেলন, সিলেটে হামলা, রাজনৈতিক নিরাপত্তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ