২৯ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / প্রকৃতি

কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনো বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ১:২৯ অপরাহ্ন


সিলেট অঞ্চলের অধিকাংশ নদ-নদীর পানি কমতে শুরু করলেও কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনো পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানির উচ্চতা ৫ সেন্টিমিটার কমলেও বুধবার সকাল ৯টায় তা বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে ছিল।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে, সিলেট অঞ্চলের প্রায় সব নদীর পানিই গত এক দিনে কমেছে। তবে ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া অন্য কোনো পর্যবেক্ষণ কেন্দ্রে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করছে না।


পর্যবেক্ষণ অনুযায়ী, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ২৭ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি কমেছে। মারকুলী পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচে রয়েছে।


সুরমা নদীতেও পানি কমার ধারা অব্যাহত রয়েছে। কানাইঘাট পয়েন্টে ২৫ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ২০ সেন্টিমিটার, ছাতক পয়েন্টে ১২ সেন্টিমিটার এবং সুনামগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি কমেছে। পাশাপাশি সারিগোয়াইন, মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও হ্রাস পেয়েছে।


বৃষ্টি কমে আসার প্রভাবও নদীর পানিতে পড়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩ মিলিমিটার, জকিগঞ্জে ৭ মিলিমিটার, শেরপুরে ৮ মিলিমিটার এবং মৌলভীবাজারে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাফলংয়ে ৩৬ মিলিমিটার বৃষ্টি হলেও তা বড় ধরনের প্রভাব ফেলেনি।


পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উজানে ভারী বৃষ্টিপাত না হলে আগামী কয়েক দিনে নদ-নদীর পানি আরও কমতে পারে। তবে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে থাকায় নিম্নাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

কুশিয়ারা নদী, ফেঞ্চুগঞ্জ, ফেঞ্চুগঞ্জে বন্যা, কুশিয়ারা নদীর পানি, কুশিয়ারা বিপৎসীমা, সিলেট বন্যা, সিলেট নদীর পানি, সুরমা নদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ