সিলেটে এসে পৌঁছেছেন শফিকুর রহমান, নাহিদ ইসলাম, কর্নেল (অব.) অলি আহমদ
রাজনীতি
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ন
গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেটে আজ শনিবার বিভাগীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দুপুর ২টায় নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে।
আয়োজকরা বলছেন, দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিক কর্মসূচি পালনের পর সিলেটের সমাবেশের মধ্য দিয়ে এই এই কর্মসূচির শেষ হবে। সমাবেশে জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেবেন। একই সঙ্গে সমাবেশ থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।
এদিকে, সমাবেশ ঘিরে গত কয়েক দিন ধরে সিলেটজুড়ে প্রচারণা চালিয়েছে জামায়াত ও শরিক দলগুলো। গতকাল শুক্রবার (২৫ জুলাই) আলিয়া মাদরাসা মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। তিনি বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে এবং সংবিধান সংস্কারের প্রশ্নে প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।
এহসানুল মাহবুব জুবায়েরের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল সাংবিধানিক সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠন। কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। তিনি বিচার বিভাগ, মানবাধিকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে সরকারের সমালোচনাও করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিলেটের সমাবেশে বিভাগের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত বঞ্চনা এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হবে। পাশাপাশি জাতীয় রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও জোটের নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আমজাদুল ইসলাম চান। এছাড়া ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগের নেতারাও সমাবেশে অংশ নেবেন।
১১ দলীয় ঐক্য, সিলেট বিভাগীয় সমাবেশ, জামায়াত, এনসিপি