২২ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

মেঘালয়ের ঢলে সিলেটে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ১:১২ অপরাহ্ন


ভারতের মেঘালয়ে টানা ভারি বৃষ্টিপাত এবং সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পাঁচটি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে জেলার নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত পাউবোর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

পাউবোর তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২ টার  সুরমা ও কুশিয়ারা নদীর কানাইঘাট, সুরমা, আমলশিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। একই সময়ে কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্ট এবং সারিগোয়াইন, পিয়াইন, লোভাছড়া ও ধলা নদীর পানি অবশ্য কমতির দিকে রয়েছে। 

এদিকে সিলেট আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যেই দুশ্চিন্তা বাড়িয়ে সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতাকে আরও ত্বরান্বিত করতে পারে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, গত ২৪ ঘণ্টায় উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। বিশেষত ভারতের মেঘালয়ের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারি বৃষ্টি হওয়ায় সীমান্তবর্তী নদ-নদীতে পাহাড়ি ঢলের চাপ তীব্র আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাব পড়ছে সিলেট বিভাগের নদীগুলোতে, যার ফলে দ্রুতগতিতে বাড়ছে পানির স্তর। 

তিনি বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে সিলেট জেলার নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে, আবার কোনো কোনো এলাকায় বিদ্যমান পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, পানি উন্নয়ন বোর্ড, নদ-নদী, বন্যা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ