১৭ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / প্রকৃতি

কমলগঞ্জে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত, উদ্ধার ৫ একর

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীন আদমপুর বিটের কালিন্জি বসতি এলাকায় যৌথ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৫ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ। দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে গড়ে তোলা বিভিন্ন বাগান, স্থাপনা ও একটি অবৈধ পুকুর অপসারণের মাধ্যমে ভূমিটি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বন বিভাগ, উপজেলা প্রশাসন ও কমলগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমি দখল করে সেখানে মাল্টা, আনারস, লেবু ও সুপারির বাগান গড়ে বাণিজ্যিকভাবে চাষাবাদ চালিয়ে আসছিল। যৌথ অভিযানে এসব অবৈধ চাষাবাদ সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। এ ছাড়া অবৈধভাবে নির্মিত বাঁশ ও পলিথিনের দুটি শেড এবং একটি ওয়াচার শেডও ভেঙে ফেলা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলাশয়ে বাঁধ দিয়ে গড়ে তোলা অবৈধ পুকুরের পাড় কেটে স্বাভাবিক পানিপ্রবাহ পুনঃস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই পদক্ষেপ বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করে বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। ভবিষ্যতে নতুন করে কেউ যাতে বনভূমি দখল করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

এ প্রসঙ্গে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, উদ্ধার হওয়া বনভূমি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত বন আইন অনুযায়ী বন মামলা (পিওআর) দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, বনভূমি দখল ও ধ্বংসের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।❞

প্রীতম বড়ুয়া জানান, দখলমুক্ত হওয়া স্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’-এর আওতায় বনায়ন সৃজন করা হবে। এর মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলটি পুনরায় প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, বনবিভাগ, দখল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ