২১ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন


সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে শিশু মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজনই এক বছরের কম বয়সী ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় সিলেটের দুটি সরকারি হাসপাতালে মারা যায়। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।


মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। দুজনেরই বয়স এক বছরের কম।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৭০ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯ জন।


গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৪৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে হাম ও হাম-সদৃশ উপসর্গে মারা যাওয়া ৯৫ শিশুর মধ্যে মাত্র চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটে হাম , হামের উপসর্গ, সিলেটে ২ শিশুর মৃত্যু, সিলেট স্বাস্থ্য অধিদপ্তর, হামে শিশু, মৃত্যু, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল , শহীদ শামসুদ্দীন হাসপাতাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ