মৌলভীবাজারে কমছে বন্যার পানি, গো-খাদ্য সংকটে গবাদিপশু
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন
বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জন্য মোট ১৫ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে মৌলভীবাজারের জন্য ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জের জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, গত ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে দেশের ৬৪ জেলায় মোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বন্যা ও অতিবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে চিহ্নিত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই সাত জেলার তালিকায় সিলেট বিভাগ থেকে জায়গা পেয়েছে মৌলভীবাজার ও হবিগঞ্জ, যা এই দুই জেলার ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরাদ্দকৃত এই অর্থ ও চাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে। বিশেষ করে বন্যা ও পাহাড়ি ঢলে ঘরবাড়ি ও ফসলের ক্ষতির শিকার হওয়া পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য,সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই সাত জেলার জন্য মন্ত্রণালয় থেকে মোট ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে বাকি ৫৭ জেলার জন্য সাধারণ বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছে মোট ২ কোটি ৮৫ লাখ টাকা ও ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল।
মৌলভীবাজার, হবিগঞ্জ, বন্যা, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, ত্রাণ বরাদ্দ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ত্রাণের চাল, ক্ষতিগ্রস্ত পরিবার, সিলেট বিভাগ, বন্যা সহায়তা, বাংলাদেশ