১৩ জুলাই ২০২৬

দৈনন্দিন / দিবস

বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১২ জুলাই, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন


‘পরিকল্পিত পরিবার, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু কায়সার মো. আব্দুল হাদীর সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. নাজমুন্নাহার জলি, ডা. ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সীমান্তিকের জেলা টিম লিডার রেজাউল ইসলাম, সাংবাদিক শেখ নুরুল ইসলাম প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. শামীমা আক্তার বলেন, মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মীরাই সরকারের জনস্বাস্থ্য কার্যক্রমের মূল চালিকাশক্তি। জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ, মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সুস্থ, সচেতন ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

অনুষ্ঠানের শেষপর্বে উপজেলার শ্রেষ্ঠ তিনজন পরিবার পরিকল্পনা কর্মীর নাম ঘোষণা করা হয়। তাঁদের নিষ্ঠা, কর্মদক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা পাওয়া কর্মীরা হলেন—হাফিজা বেগম, তাপস চন্দ্র দাস এবং দোলনা চৌধুরী।

 

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতার কোনো বিকল্প নেই।  


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বানিয়াচং, বিশ্ব জনসংখ্যা দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ