২১ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১২ জুলাই, ২০২৬ ২:১৩ অপরাহ্ন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর এবং এলএলবি সম্পন্ন করার পর যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।


১৯৬০ সালে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন তিনি। দীর্ঘ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে আইনজীবী হিসেবে কাজ করে সুনাম অর্জন করেন।


ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জমির উদ্দিন সরকার। একসময় তিনি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে গঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল)-এ যোগ দেন। বিএনপি প্রতিষ্ঠার পর তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য হন এবং দীর্ঘদিন দলটির নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেন।


রাজনৈতিক জীবনে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত টানা পাঁচবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।


২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।


জমির উদ্দিন সরকার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির প্রার্থী হিসেবে দিনাজপুর-১, ঢাকা-৯, পঞ্চগড়-১ এবং বগুড়া-৬ আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।


মুক্তিযুদ্ধের সময় হাইকোর্টের যেসব আইনজীবী স্বাধীনতার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাঁদের মধ্যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অন্যতম।


ব্যক্তিগত জীবনে তিনি নূর আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে তাঁর স্ত্রী মারা যান। তিনি এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর ছেলে নওশের জমির প্রিন্স বিএনপির মনোনয়নে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় সংসদে গঠিত 'ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ'-এরও একজন সদস্য।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, বিএনপি, বিএনপি স্থায়ী কমিটি, জমির উদ্দিন সরকারের মৃত্যু, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বাংলাদেশ রাজনীতি, পঞ্চগড়, জাতীয় সংসদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ