২০ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, ২৪ ঘণ্টায় রেকর্ড ২৬৫ মিলিমিটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন


টানা বর্ষণে সুনামগঞ্জে চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ মৌসুমে একদিনে সর্বোচ্চ। ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে জেলার নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। আগামী দুই দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১০০ মিলিমিটার। একদিনের ব্যবধানে বৃষ্টির পরিমাণ আড়াই গুণেরও বেশি বেড়েছে।


টানা বৃষ্টির প্রভাবে জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকায় পানি জমতে শুরু করেছে। কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি বাড়ছে। বিশেষ করে নিম্নাঞ্চলের বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরেরা বেশি সমস্যায় পড়েছেন।


সুনামগঞ্জ শহরের কাজিরপয়েন্ট এলাকার ব্যবসায়ী মিজান মিয়া বলেন, বুধবার থেকে প্রায় বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে। মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। ফলে দোকানে ক্রেতা কমে গেছে, ব্যবসাও আগের তুলনায় অনেক ধীর।


রিকশাচালক রোকন উদ্দিন বলেন, সকাল থেকে বৃষ্টির মধ্যেই কাজ শুরু করেছেন। কিন্তু রাস্তায় যাত্রী কম থাকায় স্বাভাবিক আয় হচ্ছে না।


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জের পাশাপাশি ভারতের উজান এলাকাতেও বৃষ্টিপাত হচ্ছে। উজানের ঢল এবং স্থানীয় বৃষ্টির কারণে নদ-নদীর পানির স্তর বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই-এক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নদ-নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সিলেট অঞ্চলে আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতিতে নিম্নাঞ্চল এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ বৃষ্টি, বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, সুনামগঞ্জ ২৬৫ মিলিমিটার বৃষ্টি, সুনামগঞ্জ আবহাওয়া, সিলেটে ভারী বৃষ্টি, উজানের ঢল, নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ