একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-বিজনেস সংযোগ স্থাপনের মাধ্যমে গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে: সিকৃবি ভিসি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৩০ জুন, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, বুদ্ধিবৃত্তিক সম্পদ (ইন্টেলেকচুয়াল প্রোপার্টি)-ভিত্তিক একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-বিজনেস সংযোগ স্থাপনের মাধ্যমে গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে কাজে লাগাতে হবে।
মঙ্গলবার (৩০ জুন) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্প (হিট)-এর আওতায় ‘গভর্নিং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি-বেজড একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-বিজনেস নেক্সাস’ শীর্ষক উপ-প্রকল্পের অধীনে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) এবং এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, টেকনোলজি ট্রান্সফার অফিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি ও গবেষণার ফলাফল শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে, যা দেশের কৃষি ও শিল্প খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, হিট প্রকল্পের অধীনে বাস্তবায়িত এই উপ-প্রকল্প বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থী, গবেষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় সাধনে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।
সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ড. মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় এবং উপ- প্রকল্পের প্রকল্প পরিচালক (এসপিএম) প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, সিকৃবি লেডিস ক্লাবের সভানেত্রী মাহবুবা রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো: আসাদ-উদ- দৌলা, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক প্রফেসর ড. মো: মাছুদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ দপ্তর প্রধানবৃন্দ।
অনুষ্ঠানে টেকনোলজি ট্রান্সফার বিষয়ে বক্তব্য রাখেন উপ-প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (এএসপিএম) প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান।
সিকৃবি, গবেষণা, প্রযুক্তি, বাণিজ্যিকীকরণ, উপাচার্য, উদ্ভাবন