২০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

চলে গেলেন নাট্যসংগঠক এনামুল মুনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ জুন, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন


সিলেটের খ্যাতিমান নাট্য সংগঠক, অভিনেতা ও নির্দেশক এনামুল মুনির (৬৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 

শনিবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে শারিরীক জটিলতায় ভুগছিলেন।

এনামুল মুনিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেন্দ্রীয় পরিষদের সদস্য ও বিশিষ্ট নাট্য সংগঠক শামসুল বাসিত শেরো।

মৃত্যুকালে এনামুল মুনির স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর জানাজার নামাজ রবিবার (১ জুন) বাদ জোহর সিলেট নগরীর কুমারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এনামুল মুনির ছিলেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নাট্য অভিনেতা, নাট্য রচয়িতা ও নাট্য নির্দেশক। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। নাট্য সংগঠন ‘কথাকলি’র সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

সিলেটের নাট্যাঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ