২৭ জুন ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটের জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: মন্ত্রী মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ২৭ জুন, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন


সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত 'জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাল ভরাট, অপরিকল্পিত নগরায়ণ ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে বছরের পর বছর ধরে অল্প বৃষ্টিতেই সিলেট মহানগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এ ছাড়া নগরবাসীর জন্য সিলেট শহরে একটি 'ফুসফুস' গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।

অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে নবনির্মিত ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল। এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। পাশাপাশি আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে বলেও জানান তিনি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, খন্দকার মুক্তাদির, সরকার, বাণিজ্যমন্ত্রী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ