২৫ জুন ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

কমলগঞ্জ সীমান্তে ৬ নারী ও এক শিশুকে পুশইনের অভিযোগ

প্রতিনিধি, কমলগঞ্জ, মৌলভীবাজার

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ছয় নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভোরের দিকে এক শিশুসহ কয়েকজন নারী সীমান্ত অতিক্রম করে এলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ওই নারীরা জানান, তারা ভারতে আটক ছিলেন এবং প্রায় ২৫ দিন কারাগারে কাটিয়েছেন। পরে ভোরে তাদের চোখ বেঁধে সীমান্তের কাছে নিয়ে আসা হয় এবং বাংলাদেশের দিকে পাঠিয়ে দেওয়া হয়।


স্থানীয় যুবক জহির আহমদ বলেন, তিনিসহ কয়েকজন মিলে তাদের আটক করে পরিচয় জানতে চান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।


আলীনগর ইউনিয়নের সদস্য (ইউপি মেম্বার) আবুল হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করা হয়। এর মধ্যেই ওই নারীরা সেখান থেকে চলে যান।


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, তিনি বিস্তারিত জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক এবং তাদের বাড়ি ঢাকার সাভার এলাকায়।


এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এক শিশুসহ কয়েকজন নারীর সীমান্ত দিয়ে প্রবেশের খবর পাওয়া যায়। পুলিশ খোঁজখবর নিলেও পরে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কমলগঞ্জ সীমান্ত, বিএসএফ পুশইন, দেবলছড়া সীমান্ত, মৌলভীবাজার সংবাদ, আলীনগর ইউনিয়ন, বাংলাদেশ-ভারত সীমান্ত, সীমান্ত পুশইন, বিএসএফ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ