সিলেট বিভাগে হামে মৃত্যু বেড়ে ৭৬, হাসপাতালে চিকিৎসাধীন ২৬১
যাপিতজীবন
প্রকাশঃ ১৯ জুন, ২০২৬ ১:১২ অপরাহ্ন
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৬ জনে। শুক্রবার (১৯ জুন) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশুর একজন মাত্র সাত মাস বয়সী মৌলভীবাজার সদরের বাসিন্দা ও অপরজন পাঁচ মাস বয়সী সলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে হামসন্দেহে আরও ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩২৭ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন চারজন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭২ জনের।
সিলেট, হাম, মৃত্যু, শিশু