সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত ঝুঁকি নেওয়ার সক্ষমতা: শাবিপ্রবি উপাচার্য
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, ‘একজন সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত হলো ঝুঁকি নেওয়ার সক্ষমতা। একাডেমিক নলেজ বা প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকলেই উদ্যোক্তা হওয়া যায় না, যদি না সঠিক মানসিকতা ও ঝুঁকি নেওয়ার সাহস থাকে।’
সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আওতাধীন বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, ‘বাজারে প্রতিযোগীদের কথা মাথায় রেখে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে পণ্যের স্বকীয়তা নিশ্চিত করার পাশাপাশি মানুষকে অনুপ্রাণিত করার সক্ষমতা অর্জন করতে হবে।’
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্টার্টআপ, উদ্ভাবন ও নতুন ব্যবসায়িক ধারণা বাস্তবায়নে উৎসাহিত করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) অধ্যক্ষ ড. মো: ফরহাদ আহমেদ।
আয়োজকরা জানান, তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই বাস্তবমুখী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। ৫ দিনব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারীরা ব্যবসা শুরু ও টেকসই করার বিষয়ে বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রশিক্ষণ লাভ করবেন।
শাবিপ্রবি, উদ্যোক্তা, অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম