সিলেটে ট্রাফিক সপ্তাহে জরিমানায় ২৫ শতাংশ ছাড়, সুযোগ ২০ জুন পর্যন্ত
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ৫:৪১ অপরাহ্ন
'ট্রাফিক সপ্তাহ-২০২৬' উপলক্ষে সিলেট মহানগরীর যানবাহন মালিক ও চালকদের জন্য বিশেষ সুযোগ এনেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মোটরযান আইনে দায়ের হওয়া ট্রাফিক মামলার জরিমানা পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আগামী ২০ জুনের মধ্যে মামলা নিষ্পত্তি করলেই মিলবে এই সুবিধা।
গত রোববার (১৪ জুন) থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই কর্মসূচি ২০ জুন পর্যন্ত চলবে। শুধু ট্রাফিক সপ্তাহ চলাকালীন মামলাই নয়, এর আগে দায়ের হওয়া পুরোনো মামলাগুলোও নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করলে একই ছাড় পাওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, নগরবাসীর অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, 'নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করেই এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মামলা নিষ্পত্তি করলে জরিমানায় সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।'
সিলেট, ট্রাফিক, মেট্রোপলিটন পুলিশ, জরিমানা