১৫ জুন ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

জামালগঞ্জে সুরমা নদীতে সেতু নির্মাণে চূড়ান্ত সুপারিশ, ব্যয় ২৬৪ কোটি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ৪:২০ অপরাহ্ন


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) 'হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন' প্রকল্পের আওতায় এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৬৪ কোটি টাকা। দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া শেষে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে এবং প্রস্তাবটি অনুমোদনের জন্য শিগগিরই সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হলে মোট চারটি প্রতিষ্ঠান দরপত্র সংগ্রহ করে। তবে জমা পড়ে তিনটি। মূল্যায়নে দুটি দরপত্র কারিগরিভাবে অগ্রহণযোগ্য বিবেচিত হয়। এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই দুটি প্রতিষ্ঠান বাদ পড়ে। গত ৯ এপ্রিল ই-জিপিতে আর্থিক দর মূল্যায়ন শেষে একমাত্র গ্রহণযোগ্য দরদাতা হিসেবে যৌথ প্রতিষ্ঠান এইচআইসিসি-ইউসিসি, ঢাকার অনুকূলে সুপারিশ করা হয়। দরদাতা প্রতিষ্ঠানটির দাখিল করা সনদও যাচাইয়ে সঠিক পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সেতু যে প্রকল্পের অংশ, সেটির মোট ব্যয় ৩ হাজার ৪৫২ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি ২০২১ সালের ২৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। গত বছরের ২৯ মে স্থানীয় সরকার বিভাগ প্রকল্পের প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবের প্রশাসনিক অনুমোদন দেয়।

প্রকল্পের আওতায় হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৯৫ কিলোমিটারের বেশি সর্বমৌসুম সড়ক, ৩১ কিলোমিটার সাবমার্সিবল সড়ক এবং হাওরের মধ্য দিয়ে সাড়ে ১৩ কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণ। পাশাপাশি বিভিন্ন সড়কে ৬ হাজার ৭১২ মিটারের বেশি সেতু ও কালভার্ট নির্মাণের প্রস্তাবও রয়েছে। এই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কৃষিপণ্য বাজারজাতকরণে সহযোগিতার পাশাপাশি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জামালগঞ্জ, সরকার, সুরমা নদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ