
হবিগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ড. জি. এম. সরফরাজ আহমদ বলেছেন, ‘দেশের কৃষিকে আধুনিক, টেকসই ও উৎপাদনমুখী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি খাতে যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ডিসি বলেন, প্রতিবেশী দেশ ভারত ও চীন কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশও নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তবে নদ-নদীর নাব্যতা হ্রাস, খাল-বিল ভরাট ও শুকিয়ে যাওয়া এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ঘাটতি এখনও বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে।
তিনি বলেন, কৃষকের উৎপাদিত ধান সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতিরও অভাব রয়েছে। এসব বাস্তবতা বিবেচনায় সরকার দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচিসহ কৃষিবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিকে লাভজনক ও প্রযুক্তিনির্ভর খাতে পরিণত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
ডিসি আরও বলেন, গত জাতীয় নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত আয়োজিত মতবিনিময় সভাগুলোকে কেউ কেউ আনুষ্ঠানিকতা মনে করলেও বাস্তবে এসব সভায় জনগণের গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবিগুলো সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি বলেন, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হতাশার কোনো সুযোগ নেই। একটি জবাবদিহিমূলক ও শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ভূমি সেবা খাতে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না।
ডিসি আরও জানান, বানিয়াচং উপজেলায় ১৫৭টি খাস পুকুর রয়েছে। এসব জলাশয়কে মাছের নিরাপদ অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহ্বায়ক আলহাজ লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, ওসি (তদন্ত) কবির আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহির হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা সভাপতি দেওয়ান শোয়েব রাজা, সাংবাদিক শেখ নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
বানিয়াচং, হবিগঞ্জ জেলা প্রশাসক, কৃষি উন্নয়ন, খাল পুনঃখনন, কৃষি খাত

