০৬ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

হবিগঞ্জে নদীতীরে সবুজায়ন কর্মসূচি করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৫ জুন, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জে ‘নদীতীরে সবুজায়ন’ কর্মসূচি পালন করা হয়েছে। খোয়াই ও পুরাতন খোয়াই নদীর তীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে শুক্রবার (৫ জুন) এই কর্মসূচি পালন করে খোয়াই রিভার ওয়াটারকিপার।

অনুষ্ঠানে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সামাজিক সংগঠন বটতলা’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, আইএফআইসি ব্যাংক কর্মকর্তা মো. আকবর হোসেন এবং ‘গাছ মামা’ খ্যাত মো. রায়হান।

এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, ফারহান আফসার, মাহবুব সোহান, শাওন খান, মাহমুদুল হাসান সৌরভ, নুজহাত নুয়েরি রুদাবা, তাবাসসুম জাহান অরিদা, নাজিফা নুয়েরি লুশান্তা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল উপজীব্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে বাস্তুতন্ত্র রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা। তিনি বলেন, কেবল একটি দিনকে পরিবেশ দিবস হিসেবে দেখলে চলবে না; বরং পৃথিবীকে বাসযোগ্য রাখতে বছরের প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বন উজাড়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নদ-নদী ও জলাশয় দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস, প্লাস্টিক দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগ আমাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ একটি সহজ ও কার্যকর উপায়।

সভাপতির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, গাছ আমাদের পরম বন্ধু। তাই বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যায় আন্তরিক হতে হবে। গাছ ভূমিক্ষয় রোধ, ভূমিধস প্রতিরোধ, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি এবং মাটির উর্বরতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গাছ রোপণ ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, পরিবেশ দিবস, খোয়াই রিভার ওয়াটারকিপার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ