জুলাই বার বার ফিরে আসবে, আমরা আর কোন জীবন হারাতে চাইনা: জামায়াত আমীর
রাজনীতি
প্রকাশঃ ২ জুন, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ‘৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক নির্দেশনা।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশ পেলেও দেশ ও জনগণ ভালো নেই। শিশু ধর্ষণ ও হত্যা, খুন, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। আর সরকার ব্যস্ত রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে দলকানাদের বসাতে।’
মঙ্গলবার (২ জুন) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে জামায়াত আমীর বলেন, ‘তারা জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। প্রায় ৭০ শতাংশ গণভোট ‘হ্যা’ দাতাদের অপমান করে তারা ফ্যাসিবাদের পথেই হাঁটছে। এতে জনগণ বিক্ষুব্ধ হচ্ছে। এর ফল তাদেরকেই বহন করতে হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের ইচ্ছা থাকলে পরিনতির জন্যও ভাবতে হবে। জুলাই বার বার ফিরে আসবে। আমরা আর কোন মুল্যবান জীবন হারাতে চাইনা।’
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছেনা। অন্তর্বর্তী সরকারের আমলে ৫টি ব্যাংক নিয়ে সমন্বিত ব্যাংক হয়েছিল সেই ব্যাংকের গ্রাহকরা টাকার জন্য ঘুরছে সমাধানের উদ্যোগ নেই। সরকার সমৃদ্ধ ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত হয়ে পড়েছে। রাতের অন্ধকারে জুম মিটিং করে ইসলামী ব্যাংক দখলের বন্দোবস্ত হচ্ছে হচ্ছে। এক মাসের মাথায় আবারও জ্বালানী তেলের দামও বাড়ানো হয়েছে তাও রাতের আধারে। এটাও কি রাতের সরকার—এমন প্রশ্ন জনগণ করতে পারে।’
শফিকুর রহমান বলেন, ‘পলাতক, ফ্যাসিস্ট ও লুটপাটকারী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণরকে জোর জবরদস্তি করে ইসলামী ব্যাংকের চেয়ারে বসানোর ফলাফল ভালো হবেনা। যে গ্রাহকের ৫টি শেয়ার আছে, সেও ইসলামী ব্যাংকের একজন মালিক। সুতরাং একটি সমৃদ্ধ ব্যাংক দখল হয়ে যাবে গ্রাহকরা বসে থাকবেনা। এজন্য গ্রাহক হিসেবে আমাকেও রাজপথে নামতে হতে পারে।’
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
সমাবেশে সিলেট মহানগর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান, জামায়াতে ইসলামী, সুধী সমাবেশ, সিলেট, রাজনৈতিক বক্তব্য