লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত, চার ঘন্টা পর উদ্ধার
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ মে, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার চার ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭টার দিকে লাইনচ্যুত বগিটি রেললাইনে তোলা হয়েছে। তবে আধঘন্টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে। শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বগি লাইনচ্যুতের ঘটনায় কোনো ট্রেন আটকা পড়েনি বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।
তিনি বলেন, বিকেল চারটির দিকে সিলেট স্টেশনে একটি ট্রেন এসে পৌছেছে। এটি তিনটার আগেই লাউয়াছড়া অতিক্রম করে এসেছিল। রাত ১০টার দিকে ট্রেনের শিডিউল রয়েছে। এটি সঠিক সময়েই সিলেট ছেড়ে যাবে। আর কোনো ট্রেন আটকা পড়েনি।
রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান ঘটনাস্থলে পাঠানো হয়।
শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, বিকেল তিনটার দিকে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান রওয়ানা হয়েছিল। কিন্তু তার আগেই বিকল্প পদ্ধতিতে সন্ধ্যা ৭টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। তবে লাইন স্বাভাবিক হতে আরও আধঘন্টা লাগবে।
ট্রেন, বগি লাইনচ্যুত, উদ্ধার