সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২১ মে, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
সিলেট ও এর আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃষ্টিপাতের সময় সাময়িকভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং প্রবল বিজলি চমকাতে পারে। এছাড়া অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সিলেট এলাকায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানায়, সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৭০ শতাংশে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২০ মে সকাল ৬টা থেকে ২১ মে সকাল ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে ৩১.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ২১ মে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে শুক্রবার (২২ মে) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।
সিলেটের আবহাওয়া, সিলেটে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, আবহাওয়া পূর্বাভাস, সিলেট সংবাদ