উদ্ভাবনী চিন্তাই দেশের অর্থনৈতিক সমাধান দিতে পারে: বাণিজ্যমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ১৫ মে, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন
উদ্ভাবনী চিন্তাই দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারে এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, গবেষণা ও উদ্ভাবন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
শুক্রবার (১৫ মে) সিলেটে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনই একটি দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়। আমাদেরকে কোন জায়গায় কীভাবে খরচ সাশ্রয় হবে, কোথায় কীভাবে উৎপাদন বাড়ানো যাবে এসব সমাধান আসবে গবেষণা ও উদ্ভাবন থেকে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি শেখার প্রক্রিয়া। কোনো প্রজেক্ট শেষ পর্যন্ত সফল না হলেও সেটি ব্যর্থতা নয়। বরং সেই কাজের মাধ্যমে অর্জিত জ্ঞানই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে।
তিনি উদাহরণ টেনে বলেন, একসময় ডায়রিয়ার মতো রোগে হাজার হাজার মানুষের মৃত্যু হতো। পরবর্তীতে সহজ ও কম খরচের ওআরএস সমাধান মানুষের জীবন রক্ষায় বিপ্লব ঘটায়। এ ধরনের উদ্ভাবনই প্রমাণ করে গবেষণার গুরুত্ব কতটা বেশি।
মন্ত্রী আরও বলেন, দেশের কৃষিপণ্য সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। আলু ও পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ও গবেষণার প্রয়োগ বাড়ানো গেলে অপচয় কমিয়ে অর্থনৈতিক ক্ষতি রোধ করা সম্ভব।
তিনি বলেন, বিজ্ঞানচর্চা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কখনো শেষ হয় না। নতুন নতুন সমস্যার সমাধান খুঁজতে হলে গবেষণার পথেই এগোতে হবে।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান মেলার আয়োজন আরও জোরদার করতে হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটে।
সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সিলেট, বাণিজ্যমন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির, বিজ্ঞান মেলা