১৫ মে ২০২৬

দৈনন্দিন

জুড়ী উপজেলা পরিদর্শনে মৌলভীবাজারের ডিসি, সেবার মান বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন


জুড়ী উপজেলা পরিদর্শন করেছেন মৌলভীবাজারের ডিসি (ডেপুটি কমিশনার) তৌহিদুজ্জামান পাভেল। বৃহস্পতিবার (১৪ মে) তিনি উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম, সরকারি সেবার মান এবং চলমান উন্নয়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জুড়ী সহকারী কমিশনার (ভূমি) অফিস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ইউনিয়ন ভূমি অফিস ঘুরে দেখেন। 

 

এ সময় বিভিন্ন দপ্তরের সেবাদান কার্যক্রম পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেজিস্টার যাচাই করেন ডিসি। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে জনগণকে দ্রুত, কার্যকর ও মানসম্মত সেবা প্রদানের নির্দেশনা দেন।

 

সরকারি সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন ডিসি পাভেল। 

 

এছাড়া পরিদর্শনকালে তিনি হাকালুকি হাওর এলাকার কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্তদের তালিকা সঠিকভাবে প্রস্তুত হচ্ছে কিনা, তাও তিনি যাচাই করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

পরে মাঠে খেলাধুলায় ব্যস্ত কয়েকজন কিশোরের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎসাহ দিতে একটি ফুটবল উপহার দেন।

 

একই দিনে ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ২য় পর্যায় কর্মসূচির আওতায় জুড়ী উপজেলার বিভিন্ন স্কুলের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর এবং উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।

 

ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ি গ্রামের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মাঝে মোট ৪৫টি বাইসাইকেল বিতরণ করা হয়, যার মধ্যে ১০টি ছেলেদের এবং ৩৫টি মেয়েদের জন্য বরাদ্দ দেওয়া হয়।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহজ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জুড়ী উপজেলা পরিদর্শন, মৌলভীবাজার জেলা প্রশাসক, হাকালুকি হাওর কৃষক, বাইসাইকেল বিতরণ জুড়ী, টিআর কর্মসূচি ২০২৫-২৬

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ