শাবিপ্রবির হল থেকে শিক্ষার্থীদের বের করে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১২ মে, ২০২৬ ২:৪১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশ অনুযায়ী, ২০২৪ সালের ২৬ আগস্টের ওই ঘটনার কারণ ও পরিস্থিতি অনুসন্ধানে ৫ সদস্যের একটি কমিটি কাজ করবে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর মো. আহমদ কবির চৌধুরী।
এছাড়া তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মোখলেসুর রহমান, পরিচালক (ছাত্র উপদেশ ও নির্দেশনা) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রভোস্ট প্রফেসর ড. ইফতেখার আহমদ ও ফাতিমা তুজ জাহরা হলের প্রভোস্ট প্রফেসর ড. ইসমত আরা
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা স্মারকে বলা হয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব থাকবে এই কমিটির ওপর। কমিটি তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবে।
সিলেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, বিশ্ববিদ্যালয়