সিলেটে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, ভর্তি ২০০
যাপিতজীবন
প্রকাশঃ ৫ মে, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের ল্যাব কনফার্ম সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত মোট ১২৮ জনের ল্যাব কনফার্ম সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ৮ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৬৪ জন এবং সিলেট জেলায় ৪০ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২০০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৪৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলার দিরাই ও সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৫ ও ৬ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে, যাদের চিকিৎসা চলছিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক রোগে মোট ১৫ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বমোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮ জনে।
সিলেট, হাম, মৃত্যু, শিশু