শাবিপ্রবির কিলোরোড সংস্কারে কাজ করবে সিইই বিভাগের শিক্ষার্থীরা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাসের কিলোরোড সংস্কারকাজে অংশ নেবেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের শিক্ষার্থীরা। আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
রোববার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কিলোরোড পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। এ সময় সিইই বিভাগের শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীরা জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিলোরোডের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার এবং কারিগরি সুপারিশসংবলিত একটি প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদন অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রাথমিকভাবে সড়কটি চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রমে সিইই বিভাগের ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেবেন। এর মাধ্যমে তাঁরা বাস্তব প্রকৌশল কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ পাবেন।
এর আগে উপাচার্যের সভাকক্ষে সিইই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। সভায় কিলোরোড সংস্কারের পরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া, শিক্ষার্থীদের দায়িত্ব ও অংশগ্রহণ এবং কাজের সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।
পরিদর্শনকালে ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান, প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাবিপ্রবি, কিলোরোড, সিইই বিভাগ, ওবিই কারিকুলাম, সড়ক সংস্কার