এক মাসে সিলেটে ৬০৩ মি.মি বৃষ্টিপাত রেকর্ড, ২৩ দিনই ছিল বৃষ্টিমুখর
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩ মে, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
শুধুমাত্র এপ্রিল মাসে সিলেট বিভাগে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, গেল এপ্রিলে সিলেটে মোট ৬০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় গড়ে ১০৪ দশমিক ৪ শতাংশ বেশি।
রোববার (৩ মে) আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, স্বাভাবিকভাবে এপ্রিল মাসে সিলেট অঞ্চলে গড়ে ২৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। তবে চলতি বছর সেই পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে ৬০৩ মিলিমিটারে পৌঁছেছে।
এদিকে একইসময়ে গড়ে ১৩ দিন বৃষ্টি হওয়ার কথা থাকলেও বাস্তবে বৃষ্টি হয়েছে ২৩ দিন। যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ বছরের এপ্রিল মাসে বৃষ্টিপাতের এই অস্বাভাবিক প্রবণতা ছিল উল্লেখযোগ্য। সাধারণত এ সময় ভারতের উজান এলাকায় বেশি বৃষ্টিপাত হলেও এবার তার বিপরীতে বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, চলতি মে মাসেও আবহাওয়ায় ভিন্নতা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাশাপাশি এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সবকিছু মিলিয়ে মে মাসে সিলেটসহ সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গেল এপ্রিলে বৃষ্টিপাতের ধরন অস্বাভাবিক ছিল। সাধারণত এই সময় ভারতের দিক বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। কিন্তু এ বছর ডাউনস্ট্রিমে মানে বাংলাদেশে প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে।
উল্লেখ্য, এপ্রিল মাসে ঢাকায় স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় ৭৯ দশমিক ৮ শতাংশ, চট্টগ্রামে ৩৬ দশমিক ৫ শতাংশ, রংপুরে ৮৭ দশমিক ১ শতাংশ, খুলনায় ৬৯ দশমিক ৩ শতাংশ এবং বরিশালে ১৬৯ দশমিক ৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।
সিলেট বৃষ্টিপাত, এপ্রিল বৃষ্টি, আবহাওয়া সিলেট, অতিবৃষ্টি, সিলেট আবহাওয়া