২৩ এপ্রিল ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতি / সাহিত্য

জাতীয় কবি নজরুলের ১২৫তম জন্মদিন আজ

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ৫:১৬ অপরাহ্ন


বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কণ্ঠস্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৪ মে), ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। শৈশবেই পিতৃহারা হন, মাত্র ৯ বছর বয়সে। সেই বয়সেই তাঁকে নামতে হয় জীবনসংগ্রামে। নানা কাজ করেছেন কখনো লেটোর দলে গান বাঁধা, কখনো রুটির দোকানে কাজ, আবার কখনো অন্যের বাড়িতে গৃহপরিচারক। দুঃখী জীবনের সেই ছোট ছেলেটিকেই লোকে ডাকত ‘দুখু মিয়া’ বলে।

জীবনের সেই সংগ্রামী সময়েই নজরে পড়েন এক উদারমনের পুলিশ কর্মকর্তার। তিনি নজরুলকে আশ্রয় দেন, ভর্তি করান স্কুলে। তবে কবি পড়াশোনায় বেশিদূর যেতে পারেননি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে দশম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে থাকাকালীন সময়েই তাঁর সাহিত্যচর্চা শুরু।

বাংলা সাহিত্যে নজরুলের আবির্ভাব ছিল হঠাৎ ঝড়ের মতো। কেউ বলেন ধূমকেতু, কেউ বলেন কালবৈশাখী। বিদ্রোহ, বিপ্লব, প্রেম আর সাম্যের যে কাব্যভাষা নজরুল সৃষ্টি করেন, তা বাংলা সাহিত্যকে এনে দেয় নতুন মাত্রা। বিদেশি শাসন, সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁর কলম ছিল সদা সরব। ‘এলাম, দেখলাম, জয় করলাম’ এই মনোভাবেই যেন বাংলা কবিতায় এক নতুন দিগন্তের উন্মোচন করেন তিনি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আলোয় যে বাংলা সাহিত্যজগত আলোকিত ছিল, সেখানে নজরুল নিজ গুণে গড়ে তোলেন তাঁর স্বতন্ত্র জগৎ। রবীন্দ্রনাথের আশীর্বাদও পেয়েছিলেন, কিন্তু নিজের কাব্যভাষা, শক্তি ও স্বরকে অক্ষুণ্ন রেখে নজরুল বাংলা সাহিত্যে হয়ে উঠেছিলেন অনন্য।

তবে মাত্র ২০ বছর সাহিত্যচর্চার পর, ১৯৪২ সালে হঠাৎ অসুস্থ হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন নজরুল। এরপর দীর্ঘ ৩৫ বছর বেঁচে থাকলেও আর কথা বলেননি সেই সুস্পষ্ট কণ্ঠস্বর হয়ে উঠেছিল নীরব। বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন। তাঁকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা, রাষ্ট্রীয়ভাবে তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়।

১৯৭৬ সালের ২৯ আগস্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন কবি। প্রেম, দ্রোহ ও মুক্তির কণ্ঠস্বর হয়ে আজও তাঁর লেখা আমাদের সাহস জোগায়।

মহান মুক্তিযুদ্ধে নজরুলের কবিতা ও গান ছিল প্রেরণার উৎস। আজ তাঁর জন্মজয়ন্তীতে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে বাংলা সাহিত্যের এই মহীরুহকে।


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

কাজী নজরুল ইসলাম, নজরুল ১২৫তম জন্মবার্ষিকী, জাতীয় কবি জন্মদিন, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ