২২ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

কমলগঞ্জে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নারী নিহত

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে বকুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ ঘরে বসে নেশা করছিলেন হেলিম মিয়া। এ সময় পাশ দিয়ে যাওয়ার পথে তার ভাতিজা আমিনুল ইসলাম উঁকি দিয়ে বিষয়টি দেখে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে হেলিম ধারালো ছুরি নিয়ে আমিনুলকে ধাওয়া করেন।

 

আত্মরক্ষার্থে আমিনুল পাশের বাড়ি বকুল বেগমের ঘরে আশ্রয় নেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে বকুল বেগমকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন হেলিম। এতে ঘটনাস্থলেই বকুল বেগম মারা যান বলা জানান স্থানীয়রা।

 

এ সময় আমিনুল ইসলাম গুরুতর আহত হন। তাদের বাচাতে এগিয়ে আসেন বকুল বেগমের জামাতা অদুদ মিয়া, আমিনুলের ভাই সাইদুল ইসলাম ও আরও একজন। হামলাকারী তাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান।

 

পরে স্থানীয় লোকজন ধাওয়া করে হেলিম মিয়াকে আটক করে মুন্সীবাজারে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

 

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অদুদ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মৌলভীবাজার সদর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

 

ওসি আব্দুল আওয়াল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতককে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কমলগঞ্জ হত্যাকাণ্ড, মৌলভীবাজার সংবাদ, ছুরিকাঘাত, মাদকাসক্ত হামলা, সিলেট অপরাধ সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ