০৫ মার্চ ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে মুক্তাদিরের পক্ষে মাঠে নামলেন আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন


বিভক্তি ভুলে একসঙ্গে নির্বাচনী মাঠে নামলেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরের আম্বরখানা এলাকায় সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারণায় অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।

এ সময় সিলেট সিটি করপোরেশনের বিএনপি দলীয় সাবেক কাউন্সিলরসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। দীর্ঘদিন ধরে সিলেট বিএনপিতে মুক্তাদির ও আরিফুল হককে ঘিরে দুটি আলাদা বলয় সক্রিয় থাকলেও সোমবারের এই যৌথ প্রচারণাকে দলের ভেতরে ঐক্যের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন নেতারা।

দলীয় সূত্র জানায়, সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে মনোনয়ন দেওয়া হয় খন্দকার আব্দুল মুক্তাদিরকে। আর সীমান্তবর্তী সিলেট-৪ আসনে মনোনয়ন পান আরিফুল হক। মনোনয়ন ঘোষণার পর দুই বলয়ের নেতাকর্মীদের মধ্যে নীরবতা ও দূরত্ব লক্ষ্য করা গেলেও আরিফুল হকের মুক্তাদিরের পক্ষে মাঠে নামা সেই দূরত্ব কমাবে বলে মনে করছেন বিএনপি নেতারা।

বিএনপি নেতারা বলছেন, সিলেট-৪ আসনের প্রার্থী হলেও দীর্ঘদিন সিটি মেয়র থাকার সুবাদে সিলেট নগরে আরিফুল হক চৌধুরীর আলাদা গ্রহণযোগ্যতা ও শক্ত ভোটব্যাংক রয়েছে। নগর বিএনপির একটি বড় অংশ তাঁর অনুসারী। এতদিন তাঁরা প্রকাশ্যে মুক্তাদিরের পক্ষে মাঠে নামেননি। আরিফুল হকের সরাসরি প্রচারণায় অংশ নেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়বে বলে আশা করছেন তারা।

তৃণমূল নেতাকর্মীরা জানান, খন্দকার মুক্তাদিরের বাবা খন্দকার আবদুল মালিক ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বনেদি পরিবারের সন্তান হিসেবে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। ভদ্র ও সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত মুক্তাদির ২০১৮ সালের নির্বাচনেও এই আসনে প্রার্থী ছিলেন।

অন্যদিকে আরিফুল হক চৌধুরী শহর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় বিএনপির সদস্য, সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় দলটির প্রভাবশালী প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে হারিয়ে টানা দুইবার সিলেট সিটির মেয়র নির্বাচিত হন তিনি। সর্বশেষ সিটি নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে প্রার্থী হননি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, বিএনপি, আরিফুল হক, খন্দকার মুক্তাদির, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ