০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৬ ৮:১১ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপাড় গোরাগ্রাম বিলে পাড় গ্রামে কনের বাড়িতে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এ নির্দেশ দেন। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের সব আয়োজন প্রায় শেষের দিকে। আপ্যায়নের জন্য ছিল সুস্বাদু খাবারের আয়োজন। দুপুরের দিকে ৩০-৪০ জন বরযাত্রী কনের বাড়িতে এসে উপস্থিত হওয়ার কথা ছিলো। চলছিল বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি। বিয়ের নিবন্ধনের জন্য কাজিকেও ডাকা হয়।

 

তবে বিপত্তি বাধে কনের বয়স নিয়ে। কনে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী (১৫)। অ-প্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের খবর পেয়ে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ওই স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করতে নির্দেশ দেন।

 

একইসঙ্গে স্থানীয়দের উপস্থিতিতে কনের মা ও তাঁর স্বজনদের বাল্যবিবাহের কুফল, রাষ্ট্রীয় আইন সম্পর্কে অবহিত করে বিয়ের আয়োজন বন্ধ করেন। 

 

এদিকে পাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবেনা মর্মে, পাত্রীর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার ৭ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর (১৫) সঙ্গে একই উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দি লক্ষনছড়া গ্রামের রাজু নামের এক যুবকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল।


এ বিষয়ে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এর মাধ্যমে কিশোরীদের ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়। গোপনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান চালাই। গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ সময় পাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবেনা মর্মে, পাত্রীর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বাল্যবিবাহ, গোয়াইনঘাট, সিলেট,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ