০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

হবিগঞ্জের লাখাইয়ে জমি বিরোধে সংঘর্ষ, নিহত ১

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৯ জানুয়ারী, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন


হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। 

 

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইরাজ মিয়া ওই গ্রামের বাসিন্দা। 


লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বালিগাঁও গ্রামের ইউপি সদস্য আলাল মিয়া ও তার ফুফাতো ভাই তরিকুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধে তরিকুলের পক্ষ নেন ফরিদপুর গ্রামের ইউপি সদস্য সাহাব উদ্দিন। এর জেরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

 

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ইরাজ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফ ও হাবিবুর রহমান নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের স্থানটি হাওরবেষ্টিত দুর্গম এলাকা। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযানে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’


তিনি আরও বলেন, ‘নিহত ইরাজ মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ সংঘর্ষ, লাখাই জমি বিরোধ, ইরাজ মিয়া নিহত, লাখাই থানা, হবিগঞ্জ অপরাধ সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ