০৭ মে ২০২৬

ব্যবসা-বাণিজ্য / সংগঠন

১৭ বছর পর সুনামগঞ্জে চেম্বার নির্বাচন ২৯ জানুয়ারি

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন


দীর্ঘ ১৭ বছরের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আলোর মুখ দেখছে। আগামী ২৯ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার বিকাল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ২০ জন ব্যবসায়ী প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম ইয়াসিন আরাফাতের কাছে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। জমা দেওয়া ২০টি মনোনয়নপত্রের মধ্যে সাধারণ সদস্য পদে ১৪ জন এবং সহযোগী সদস্য পদে ৬ জন প্রার্থী রয়েছেন।

সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন মো. সামছুল হক, মো. নুরুল হক, মোহাম্মদ জুয়েল মিয়া, আবুল মনসুর মো. শওকত, মো. এনামুল হক, মো. খসরুল আলম, মোকাররব হোসেন, আবু সুফিয়ান, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, নূরে আলম, আব্দুস সামাদ, আমিনুল ইসলাম সেলিম ও মো. শফিকুল ইসলাম।

সহযোগী সদস্য পদে প্রার্থীরা হলেন, সাইফুল্লা হাসান জুনেদ, আকবর আলী, মোর্শেদ আলম, মোস্তাক আহমদ, কামাল হোসেন ও মো. এনামুল হক এনাম।

প্রার্থী মোহাম্মদ জুয়েল মিয়া জানান, অনেক ব্যবসায়ী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নিয়ম-শৃঙ্খলার বিধিবিধান পূর্ণাঙ্গভাবে প্রতিপালন করতে না পারায় শেষ পর্যন্ত ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হয়েছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রবীণ ব্যবসায়ী মো. সামছুল হক বলেন, এফবিসিসিআইয়ের নিয়ন্ত্রণাধীন এই গুরুত্বপূর্ণ সংগঠনটি দীর্ঘ ১৭ বছর মামলা জটিলতায় স্থবির ছিল। বর্তমানে চেম্বারের সদস্য সংখ্যা ৭৪৩ জন। নিয়ম অনুযায়ী ২০ জন পরিচালক ও ৬৬ জন সাধারণ সদস্যের ভোটে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও দুইজন সহ-সভাপতি নির্বাচিত হবেন।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে রাজনৈতিকীকরণের কারণে প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন। এবারের নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত নেতৃত্ব গড়ে তুলে জেলার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত স্বার্থে মামলা দিয়ে ব্যবসায়ীদের পথ রুদ্ধ করার সংস্কৃতি থেকে সংগঠনটিকে বের করে আনার অঙ্গীকার করেন।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মনোনয়নপত্র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ