২৩ এপ্রিল ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতি / সংস্কৃতি

হবিগঞ্জে খোয়াই থিয়েটারের ৪২ বছর উদযাপন

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ৫:১৫ অপরাহ্ন


হবিগঞ্জ জেলার সাংস্কৃতিক আন্দোলনের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় খোয়াই থিয়েটার একটি উজ্জ্বল নাম। নাট্যচর্চার মাধ্যমে জেলা ও জাতীয় পর্যায়ে যে গৌরবোজ্জ্বল ভূমিকা তারা রেখে এসেছে, তার স্বীকৃতি হিসেবে সংগঠনটির ৪২ বছর পূর্তি স্থানীয় সংস্কৃতি অঙ্গনে পরিণত হয় এক উৎসবমুখর আয়োজনে।


বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে খোয়াই থিয়েটারের ৪৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জের নাট্য আন্দোলনের ইতিহাসে খোয়াই থিয়েটার অগ্রণী ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সমৃদ্ধ যাত্রায় এই সংগঠনের চার দশকের অবদান বিশেষভাবে স্মরণযোগ্য।


সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. জমির আলী এবং নাট্য সংগঠক অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যমেলা হবিগঞ্জের সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, শায়েস্তাগঞ্জ থিয়েটারের দলপ্রধান বাবুল মল্লিক, প্রতীক থিয়েটারের সহসভাপতি আমোদ মাল, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পাবেল, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক যোশেফ হাবিব, গ্রাম থিয়েটারের সমন্বয়কারী প্রদীপ বনার্জিসহ অনেকে। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই থিয়েটারের সহসভাপতি সিদ্দিকী হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকান্ত গোপ।


আলোচনা সভা শেষে মঞ্চস্থ হয় খোয়াই থিয়েটারের ৫১তম প্রযোজনা-সুকান্ত গোপ রচিত ও নির্দেশিত নাটক ‘ভাব তরঙ্গে দীনহীন’। নাটকে অভিনয় করেন সন্ধি, সীমা, চৌধুরী তাওহীদ বিন আজাদ, হাসান, তাকদীর, অভিক, অর্পণ, রামকৃষ্ণ, ইয়াসিন, আরিফ ও হাবিব।


এ ছাড়া শোভাযাত্রা ও থিয়েটারের শিশু-কিশোর নাট্য সংগঠন ‘সুন্দরম’-এর আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সহসভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, অর্থ সম্পাদক মো. আব্দুল হামিদ, যুগ্মসম্পাদক মুক্তাদির হোসেন, দপ্তর সম্পাদক ওসমান গনি রুমি, প্রচার সম্পাদক হ্যাপি ভৌমিক, জুবায়েদ হোসেন, রাজন দাশসহ নাট্যকর্মীরা।


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, খোয়াই, থিয়েটার, উদযাপন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ