০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের আট বস্তা চাল সরাতে গিয়ে ‘ডিলার’ আটক

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২৫ ৭:০৫ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আট বস্তা চাল বাড়িতে নেওয়ায় অভিযোগে ডিলারকে আটক করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আনোয়ার হোসেন আট বস্তা  সরকারি চাল বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। 

 

এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এলাকাবাসী।

 

লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গতকাল সোমবার সকালে ডিলার আনোয়ার হোসেন তার গুদাম থেকে আট বস্তা চাল ব্যাটারিচালিত মিশুক গাড়ি করে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কামিনীপুর পয়েন্টে গাড়িসহ তাকে আটক করেন স্থানীয়রা।

 

পরে বিষয়টি তারা উপজেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। 

 

এরপর আটককৃত আট বস্তা চাল পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিন্মায় রাখার নির্দেশ দেন। তবে বিকেলে ডিলার আনোয়ার হোসেন চেয়ারম্যানের জিম্মায় থাকা চাল বিতরণের কথা বলে আনতে গেলে স্থানীয়রা বাধা দেন। পরে প্রশাসনের নির্দেশে চাল বিতরণ স্থগিত করা হয়। 

 

এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী রাসেল বক্স জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর চাল গরিবের মধ্যে বিতরণ না করে ডিলার আনোয়ার তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচার দাবি করেন তিনি।

 

নুরুল আমীন নামের আরেক অভিযোগকারী বলেন, পাটলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে জেলা প্রশাসকের কাছে অনিয়মের অভিযোগ রয়েছে। এদিকে তদন্তের আগেই চাল বিতরণ না করে ডিলার আনোয়ার তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা বিস্মিত।

 

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, ‘ডিলারের দাবি উপকারভোগীরা পরিবহন খরচ কমাতে একসঙ্গে চাল নিচ্ছিলেন। সহকারী কমিশনানের নির্দেশে চাল আমাদের কাছে জব্দ রয়েছে।’

 

এ বিষয়ে জানতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন বলেন, খাদ্য বান্ধব চালগুলো, ইউনিয়ন পরিষদের জব্দ করে রাখা হয়েছে। তদন্ত করে ডিলার বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর খবর, খাদ্যবান্ধব চাল, সুনামগঞ্জ সংবাদ, ডিলার অনিয়ম, উপজেলা প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ