১২ জুন ২০২৬

দৈনন্দিন

শান্তিগঞ্জে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একাধিক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কটির একাধিক স্থানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার দামোধরটুপী পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে পঞ্চগ্রাম পয়েন্ট, ডাবর পয়েন্ট এবং সর্বশেষ পাগলা বাজারে এসে উচ্ছেদ অভিযান কার্যক্রমের সমাপ্তি হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা। 

 

জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ অংশে গোবিন্দগঞ্জ বাজার থেকে পাগলা বাজার পর্যন্ত ৪৮ কিলোমিটার মহাসড়কের দুই পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রজ্ঞাপন জারি করে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। এরই ধারাবাহিকতায় গতকাল ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে উচ্ছেদ অভিযানের শুরু হয়ে ধারণবাজার, চৌকা পয়েন্ট, কৈতক পয়েন্ট, জাউয়া বাজার, বড়কাপন বাজার হয়ে আজ শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার পর্যন্ত এসে উচ্ছেদ কার্যক্রম সমাপ্তি হয়। অভিযানে মহাসড়কের পাশে গড়ে তোলা সহস্রাধিক দোকানপাট ও বসতঘর উচ্ছেদ করা হয়।

 

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেন, 'সড়ক ও জনপদ বিভাগের বেদখল হয়ে যাওয়া জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল ও আজকে গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজার ও পাগলা বাজারসহ বেশ কিছু জায়গায় অভিযান পরিচালনা করেছি। কোনোপ্রকার সমস্যা ছাড়াই অভিযান সুন্দরভাবে পরিচালিত হয়েছে। আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, যারা অবৈধভাবে সরকারী জায়গা দখল করে তারা যেন এসব না করে সে বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ সরকারী জায়গা দখল করে তাহলে তাদের উচ্ছেদের পাশাপাশি জরিমানাও করা হবে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

উচ্ছেদ, শান্তিগঞ্জ, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ